যারা স্রোতের বিরুদ্ধে হাঁটে

আছে এমন মানুষ যারা প্রবাহ ভালবাসে,
কিন্তু প্রবাহে ভাসতে ভালবাসে না।
স্রোত পছন্দ, কিন্তু স্রোতের গতিপথ নয়।
তারা আগ্নেয়গিরির কাছে গিয়ে তুষারপাত খোঁজে,
গঙ্গার কাছে গিয়ে হিমালয়ের সান্নিধ্য চায়।
তারা দেখে মানুষ - শুধু মানুষ।
তারা খোঁজে না কে পুরুষ, কে নারী,
কে কোন ধর্ম, কে কোন জাত, কার প্রসব কোথায়।
তারা এগিয়ে চলে মনের দেখানো রাস্তায়,
তাদের জীবনে বন্ধুত্ব কেবল ভালো থাকার স্বার্থে।
তারা বোঝে না বাজার, তারা বাজারি নয়।
তারা দিন আনে, দিন খায়,
মাসের মধ্যভাগে সব পুঁজি শেষ হয়ে যায় -
আর তখন তারা গান গায়, কবিতা লেখে, রং তুলি নিয়ে খেলে,
সকালবেলা নতুন সম্পদ তৈরির গল্প করে।
তারা হারিয়ে ফেলে অনেক কিছু,
ঠুনকো প্রেম, কৃত্রিম সম্পর্ক।
মিথ্যার জালে জড়িয়ে পড়ে,
বদনামের চোরাবালিতে ঠেলে দেওয়া হয়।
তবু, তারা বারবার ফিরে পায় গভীর মমতার ছোঁওয়া,
হারিয়ে ফেলা বন্ধুর আবার ফিরে আসা।
তারা স্থবির নয়, দুর্বল নয়।
তারা কঠিন, তারা হয়ত বেশীরভাগ ভুল, কিন্তু তারা শক্ত।
তারা হেরে যায় অনেকবার, তাদের হারিয়ে দেওয়া হয়।
কিন্তু,
অনেক বছর পরে, যখন বৃষ্টি পড়ে,
সমুদ্র ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন কেবল তাদের দেখতে পাওয়া যায়।
সুঠাম দেহ নিয়ে, স্রোতের বিরুদ্ধে দূরে কোথাও, হাসি মুখে,
এক রাশ আশা আকাঙ্খা নিয়ে, ভিড় থেকে আলাদা হয়ে,
তারা দাঁড়িয়ে আছে!



