বিনিদ্র

আমি জেগে আছি,
নূপুরের কবিতায় অন্তমিল হয়ে
এই জানালার কাছে
ফুলগুলি নিয়ে এসো সুধা।
সায়ন্তনের পোস্টম্যান নিরন্তর প্যাডেলে
দিন নিয়ে যাচ্ছে মেঘের আড়ালে
জড়জ নেভিগেশনে
‘রাজার চিঠি’ আসবে
ঘুমিয়ে পড়ার আগে
কুহেলি পেরিয়ে এসো,মালিনির মেয়ে।
এসো শৈশব,স্ট্রিট লাইটগুলো জ্বলে ওঠার আগে,
হারানো বলের মায়া ভুলে
কংক্রিট বনান্তর কর্পোরেট সোপানের কুলীন বহুতল
এসো নিল-ডাউনের জামরুম বৃক্ষ মূলে।
চিঠিগুলি জমানো, দিচ্ছে ডাক
সান্ধ্য শাঁখে সান্ধ্য কাক
সন্ধ্যা নামছে বিষন্নতায় ছেয়ে
পথ ভুলেছে লম্বা চুলের প্রিয়ে।
আমাদের চিত্রকল্পে ছিল দুটি আধ শোয়া সাইকেল
কিশোরীর লিপবাম,
একাকী জানালায় অমল তটরেখায় দারচিনি দ্বীপ
গোধুলী ব্লু-আওয়ারস ঘোলাটে হচ্ছে
একশ চাতকের মহড়ায়
কালক্রমে প্রগাঢ় হয়েছে কাজল
নদীটি ক্ষীণকায়া তরীটি আধ ডোবা
আঁখিবৃত্ত ধূসর হওয়ার আগে
দৃষ্টিতে চন্দন হয়ে এসো, সুধা।
কুর্চি ফুলগুলো এখনো মাধ্যমিকের মত রাঙা
আমি আঁখিপল্লব ধুয়ে রেখেছি
কনেদেখা পুরোনো কৃষ্ণচূড়ায় আজ পাতারা ধূসর
…তুমি কিন্তু হেমন্তের আগে এসো।



